১২ দিনের ব্যাবধানে বদরগঞ্জ থানার ৩ ওসি বদলি নিয়ে তোলপাড়
প্রকাশ : ১৫-১১-২০২৩ ১৭:৩৭
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ : ১২ দিনের ব্যাবধানে বদরগঞ্জ থানার ৩ ওসিকে রদবদল করার চাঞ্ছল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সর্বমহলে তৈরি হয়েছে তোলপাড়।
রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে নিজের আজ্ঞাবহ ওসি নিশ্চিত করতেই কেউ পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়াচাড়া করে এই ঘটনা ঘটিয়েছে।
সেই অভিযোগের তীর দেয়া হয়েছে স্থানীয় এমপির বিরুদ্ধে। তবে তিনি তা অস্বীকার করেছেন।
রংপুর পুলিশ সুপার কার্যালয় সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, চলতি বছরের ১৩ জুলাই বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নজরুল ইসলাম মজুমদার যোগদান করেন। কিন্তু অজ্ঞাত কারণে গত ২ নভেম্বর তাকে বদলি করা হয়। ওই দিনই এই থানায় ওসি হিসেবে যোগদান করেন সিদ্দিকুল ইসলাম। এ ঘটনার ১২ দিনের মাথায় ১৩ নভেম্বর সিদ্দিকুল ইসলামকেও বদলি করা হয়। নতুন ওসি হিসেবে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে রংপুরের তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফকে। মঙ্গলবার (১৪ নভেম্বর ) রাত ৮টা পর্যন্ত তিনি বদরগঞ্জ থানায় যোগদান করেননি।
এ ব্যপারে বদদির আদেশ পাওয়া ওসি আব্দুল লতিফ জানান, দ্রততম সময়ের মধ্যে তিনি বদরগঞ্জ থানায় যোগদান করবেন।
মাত্র ১২ দিনে মধ্যে তিনজন ওসি বদলীর ঘটনাকে ভিন্নভাবে দেখছেন রাজনীতিবিদ ও সচেতন মহল। তার বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এ নিয়ে।
শুধু বদরগঞ্জ থানার ওসিই নয়, ওসি তদন্ত শফিউল ইসলাম শফিককেও গতমাসে গঙ্গাচড়া থানায় বদলি করা হয়েছে।
বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন, আসন্ন সংসদ নির্বাচনে ক্ষমতাসীনরা বিশেষ সুবিধা পেতেই নিজের আজ্ঞাবহ অফিসারকে থানায় আনতেই ওসির ঘনঘন রদবদল করাচ্ছেন। এতে সরকারি কর্মকর্তারা বিব্রত ও হয়রানির শিকার হচ্ছেন। পাশাপাশি জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
রংপুর জেলা জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল জানান, ‘আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপির বিশেষ অনুরোধে বদরগঞ্জ থানায় ঘনঘন ওসির পদায়ন করা এবং পছন্দ না হলে বিদায় করা হচ্ছে। এর মূল কারণ হচ্ছে, সামনের সংসদ নির্বাচন। আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপি ডিউক চৌধুরী নির্বাচনে বিশেষ সুবিধা পেতে এভাবে থানার ওসির বারবার রদবদল ঘটিয়ে কর্মকর্তাদের মধ্যে ভীতি ছড়াচ্ছেন।
এতে তাঁদের সম্মানহানিও হচ্ছে।’
এ ব্যপারে স্থানীয় এমপি আহসানুল হক চৌধুরী ডিউক জানান, ‘ঘনঘন যদি ওসি বদলি করা হয়ে থাকে, সেটা পুলিশ বিভাগের ব্যাপার। এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। যেসব রাজনীতিবিদ আমার বিরুদ্ধে কলকাঠি নাড়ার অভিযোগ করেছেন তারা দেউলিয়া। বদরগঞ্জ-তারাগঞ্জে প্রতিটি মানুষের সাথে প্রধানমন্ত্রী এবং নৌকার সম্পর্ক। কিছু দেউলিয়া ও জনবিচ্ছিন্ন রাজনীতিবিদ আমার জনপ্রিয়তায় ভীত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। এটা সবাই জানে। এটা ঠিক নয়।’
নাম প্রকাশ না করার শর্তে বদলি হওয়া থানার সাবেক এক ওসি অভিযোগ করে বলেন, এমপির আজ্ঞাবহ হয়ে কাজ না করায় যোগদানের কিছু দিনের মধ্যেই তাকে বদরগঞ্জ থানা থেকে বদলি করা হয়েছে।
সদ্য বদলি হওয়া ওসি সিদ্দিকুল ইসলাম বলেন, বদলি হওয়া ও যোগদান করা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তারা যেভাবে চান সেভাবেই আমাদেরকে কাজ করতে হয়।’
ঘনঘন থানার ওসি রদবদলের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আবু আশরাফ সিদ্দিকী জানান, এটা কর্তৃপক্ষের ব্যাপার। আমি কিছু বলতে পারব না।
এদিকে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন মুঠোফোনে জানান, থানার ওসির বদলি করেন পুলিশ সুপার (এসপি)। এ বিষয়ে তিনিই (এসপি) ভালো বলতে পারবেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com