weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাত-পা বাঁধা পলিথিনে মোড়ানো মাদরাসাছাত্র উদ্ধার

প্রকাশ : ১৬-০৮-২০২৩ ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:ঠাকুরগাঁওয়ের হরিপুরে রহিদুল ইসলাম (১৪) নামে এক মাদরাসাছাত্রকে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী।
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া গ্রামে তার বাড়ির পিছনে খড়ের গাদার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
রহিদুল ইসলাম ডাবরী গোরস্থান কওমি ও হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও পাচঘরিয়া হাজিপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে।
ওই মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আলী হাসান জানান, শনিবার ভোর ৪টার দিকে প্রতিদিনের মতো ছাত্রদের ফজরের নামাজ পড়তে উঠিয়ে দেয়া হয়। ওজুর পরে রহিদুলকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকাল সাড়ে ৬টার দিকে তাকে তার বাড়ির খড়ের গাদার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
তার গুঁ গুঁ শব্দে আশপাশের লোকজন এসে পলিথিনে মোড়ানো বাঁধন খুলে অসুস্থ অবস্থায় রহিদুলকে উদ্ধার করে।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ছেলে নিখোঁজ হলে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে খড়ের গাদার পাশ থেকে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তার কোনো কূল-কিনারা করতে পারেনি রহিদুলের পরিবার।
মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আলী হাসান আরো জানান, ঘটনাটা রহস্যজনক, তার বাবা-মা এ ব্যাপারে কোনো ধারণা দিতে পারছেন না।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কোন সমস্যা না থাকায় ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
এলাকাবাসীর ধারণা, কোনো ব্যক্তি বা গোষ্ঠী এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বা মাদরাসার সুনাম নষ্টের জন্যে এ ঘটনা ঘটিয়েছে।
হরিপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com