weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুর সীমান্তে স্বজনদের রক্তের টানে দুই বাংলার মিলন মেলা

প্রকাশ : ০৩-১২-২০২২ ২১:১৪

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: ভারত সীঁমান্তের তারকাঁটার বেড়া আটকাতে পারেনি দুই বাংলার হাজার-হাজার স্বজনের রক্তের টান। ঠাকুরগাঁও জেলার কোঁচল, চাঁপাসার ও গোবিন্দপুর এবং ভারতের নাড়গাঁও ও মাকারহাট সীমান্তে তারকাঁটার এপার-ওপার দুই কিলোমিটার এলাকাজুড়ে দুই বাংলার হাজার-হাজার মানুষের রক্তের টানে আত্মীয়-স্বজনদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়।

বর্ষ পঞ্জিকা অনুযায়ী হিন্দু সম্প্রদায় প্রতি বছর শ্রী-শ্রী জামর কালির জিউ (পাথরকালী) পূজা উপলক্ষ্যে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দপুরে কুলিক নদের পাড়ে মিলিত হয়। আর এ পূজা উপলক্ষে প্রতি বছর এই দিনে দূর-দূরান্ত থেকে দু-দেশের স্বজনরা ভিড় জমায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপাসার ও রানীশংকৈল উপজেলার কচল সীমান্তের ৩৪৫ ও ৩৪৬ নং পিলার এলাকার তারকাঁটার বেড়ার এপার-ওপারে।

প্রতি বছরের ন্যায় এবারও গত শুক্রবার (২ ডিসেম্বর) সকাল থেকে দূর-দূরান্ত থেকে দু'দেশের স্বজনরা সীমান্তে সমবেত হন। স্বজনদের সাথে দেখা ও কথা বলার জন্য সকাল থেকে সীমান্তের এপার-ওপারে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় দু-দেশের হাজার হাজার মানুষকে। শেষ পর্যন্ত বেলা দুইটার পর আর স্বজনদের ধরে রাখতে পারেনি দু-দেশের সীমান্ত রক্ষী বাহিনী। তারকাঁটার গেট না খুললেও অনানুষ্ঠানিকভাবেই তারকাঁটার এপারে-ওপারে দাঁড়িয়ে স্বজনদের  দেখা ও কথা হয় একে অপরের সাথে। আদান-প্রদান হয় নানা রকমের খাদ্য ও পন্য সামগ্রী।

স্বজনদের সাথে দেখা করতে আসা নীলফামারীর সৈয়দপুর উপজেলার মরিয়ম বেগম (৫০) জানান, এবার দেখা করেছেন তার ছোট বোন শেফালীর সাথে। ১৬ বছর আগে শেফালীর বিয়ে হয় ভারতের মাল্দা জেলার চানমুনী গ্রামে। বিয়ের পর এই প্রথম বোন ও বোনের স্বামীর দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তার বোন ও বোনের ছেলে-মেয়ে ও স্বামীকে কাপড় এবং মিষ্টি দিয়ে বেশ আনন্দ ভোগ করেন।

ভারতের স্বজনদের সঙ্গে দেখা করতে আসা দিনাজপুর জেলার কাহারোল উপজেলার প্রতীমা রাণী (৬০) জানান, ২০ বছর আগে আমার ছোট মেয়ে কমলা রাণীর বিয়ে হয় ভারতের গোয়াল পুকুর থানার পাঁচ ঘরিয়া গ্রামে। বিয়ের পর আর কথা হয়নি তার সাথে। কিন্তু আজ (শুক্রবার)  মেয়ের সাথে তারকাঁটার এপার-ওপারে দাঁড়িয়ে কথা বলে এবং তারকাঁটার ফাঁক দিয়ে মিষ্টি ও কাপড়-চোপড় দিতে পেরে মনে বড় আনন্দ পেয়েছি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com