weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে অপহরণ করে পত্রিতালয়ে বিক্রির মামলায় চারজনকে ১২ বছর কারাদণ্ড

প্রকাশ : ১৬-০৮-২০২৩ ১৭:৩৩

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: রংপুরের তারাগঞ্জে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ভারতের পতিতালয়ে বিক্রির মামলায় চারজনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন রংপুর মানব পাচার ও প্রতিরোধ ট্রাইব্যুনাল। বুধবার (৯ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক বেগম ইসরাত জাহান এ রায় দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন তালুকদার জানান, দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো রংপুরের গংগাচড়ার ফজলে রাব্বি, তারাগঞ্জের মানিক মিয়া, ময়মনসিংহের তারাকান্দার আলামিন ও দিনাজপুরের বিরলের সবুজ মিয়া। আসামিদের প্রত্যেককে দুটি ধারায় ৭ বছর ও ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ১১ নভেম্বর রংপুরের তারাগঞ্জে জেএসসি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর অভিযুক্ত চার আসামি এক পরীক্ষার্থীকে তুলে নিয়ে যায়। পরে তাকে চেতনানাশক খাইয়ে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে নিয়ে সঞ্জীব নামের একজনের সহযোগিতায় হরিয়ানা রাজ্যের একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। কিশোরী কৌশলে সেখান থেকে বের হয়ে ভারতের পুলিশের কাছে গেলে পুলিশ তাকে সেভহোমে রাখে। পরে একটি এনজিওর মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তারাগঞ্জ থানা পুলিশ ভারত থেকে তাকে উদ্ধার করে। এই ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে ২০১৯ সালের ১৯ জুন তারাগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে বুধবার (৯ আগস্ট) রংপুর মানব পাচার ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com