সুযোগ পেলেই রসায়নের ক্লাস নেন ঠাকুরগাঁওয়ের ডিসি
প্রকাশ : ২৬-০৯-২০১৯ ১৫:২২
নিজস্ব প্রতিবেদক
জেলা পর্যায়ে প্রশাসনের সর্বোচ্চ সরকারি কর্মকর্তা তিনি। সভা-সমাবেশ, গণশুনানির পাশাপাশি দাপ্তরিক কাজ শেষে খুব একটা সময় পাওয়া যায় না। এর মধ্যেই একটু সময় পেলেই তিনি ছুটে যান জেলার কোনো বিদ্যালয়ে। ক্লাস নিয়ে ফিরে এসে মন দেন নিজের কাজে। তিনি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) কেএম কামরুজ্জামান সেলিম।
কেএম কামরুজ্জামান সেলিম ২০১৮ সালের ১০ অক্টোবর ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। যোগদানের পরপরই তিনি জেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি নিয়মিত প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শুরু করেন। পথে কোনো বিদ্যালয় পেলে তিনি সেখানে নেমে পড়েন। শিক্ষক-শিক্ষার্থীর খোঁজ-খবর নেন। কোনো কোনো সময় শ্রেণিকক্ষে ঢুকে ক্লাস নেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে পরিদর্শনে এসে জেলা প্রশাসক রসায়নের ওপর শিক্ষার্থীদের আরও জোর দেওয়ার বিষয়টি অনুভব করেন। সেই অনুভব থেকেই কামরুজ্জামান সেলিম রসায়ন শিক্ষকের সঙ্গে কথা বলে পাঠ্যসূচির কয়েকটি অধ্যায় ভাগাভাগি করে শুরু করেন পাঠদান। সেই থেকে তিনি সময় বের করে চলে আসেন বিদ্যালয়ে। পাঠদান সেরে ফিরে যান পেশাগত কাজে।
আজ কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে কুশল বিনিময় শেষে ডিসি কামরুজ্জামান সেলিম গত পাঠের বিষয়ে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করেন। এরপর তিনি শুরু করেন রাসায়নিক বিক্রিয়ার পাঠ। পাঠ শেষে কথা হয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অদিতি রায়ের সঙ্গে। সে বলে, ‘রসায়ন একটা জটিল বিষয়। আমি রসায়নকে খুব ভয় পাই। কিন্তু স্যার রসায়নকে সহজেই বুঝিয়েছেন। মাঝেমধ্যে তিনি আমাদের পড়ালে রসায়নে দুর্বলতা কেটে যাবে।’
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com