weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর আত্মীয় পরিচয় দেয়া কোটি টাকা আত্মসাতকারী নারী আটক

প্রকাশ : ০৯-১১-২০২৩ ২০:২২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের আত্মীয়ের পরিচয় দিয়ে প্রায় কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা নারী নাসিমা আকতার স্বপ্নাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক নারী উপজেলার ভাদাই ইউনিয়নের টাওয়ার পাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে।
এছাড়া সরকারি বিভিন্ন ভাতা করে দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের দুই শতাধিক হতদরিদ্র নারী থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, নাসিমা আক্তার স্বপ্নার মা কোহিনূর বেগমের নামে সমাজসেবা থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ‘দুঃস্থ্ মহিলা কল্যাণ সমিতি’ নামে একটি এনজিও রয়েছে। ওই এনজিওর ব্যানারে গ্রামের নারীদের নানা ধরনের প্রশিক্ষণ দেয়ার প্রলোভন দেখান তিনি। এনজিও থেকে গরু, সমাজসেবা থেকে এককালীন অনুদান, শিশু ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি নানা সুযোগ-সুবিধার প্রলোভন দিয়ে নারীদের কাছ থেকে টাকা নেয়া শুরু করেন।
এ সময় তিনি নিজেকে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ঘনিষ্ঠ আত্মীয়ের পরিচয় দেন। তিনি বিভিন্ন দলে বিভক্ত করে প্রত্যেক নারী থেকে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেন।
এভাবে একপর্যায়ে গ্রামের দুই শতাধিক নারী থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন স্বপ্না। পরে কোনো সুযোগ-সুবিধা দিতে না পারলে এলাকার নারীরা টাকা ফেরত চান। ভুক্তভোগীরা কোনো সুরাহা না পেয়ে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নানা প্রলোভনে গ্রামের নারীদের থেকে অর্থ গ্রহণের ব্যাপারে থানায় অভিযোগের ভিত্তিতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের কথিত আত্মীয় নাসিমা আক্তার সপ্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com