বৈরী সময়ে এবার জ্বলে ওঠার পালা
প্রকাশ : ০৩-১১-২০১৯ ১১:১০
নিজস্ব প্রতিবেদক
ডেক্স নিউজ: আন্দোলন-ধর্মঘট কাটিয়ে উঠতে না উঠতেই সাকিবের নির্বাসন ধাক্কা- ক্রিকেটের বৈরী সময়টা পিছু নিয়েছে যেন দিল্লিতেও! এখানে এসেও বায়ুদূষণের মধ্যে হাঁসফাঁস করা। মাঠের বাইরের এসব খবর ছাপিয়ে আজ ভারতের বিপক্ষে টি২০ ম্যাচে জ্বলে ওঠার পালা টাইগারদের। অধিনায়কের চেয়ারে বসে মাহমুদুল্লাহর কূটনৈতিক উত্তর, ফেভারিট ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চাওয়া। মুশফিকুর রহিমের অবশ্য ওসব সৌজন্যের প্রয়োজন পড়েনি। তিনি দ্বিধাহীনচিত্তে বললেন, ভারতের বিপক্ষে আজ জিততে নামবে দল। দেশের মানুষকে একটা ভালো ম্যাচ উপহার দিতে চাওয়া টাইগার শিবিরের ইচ্ছার বহিঃপ্রকাশ। দিল্লিতে জয় দিয়ে সিরিজ শুরুর এই স্বপ্ন স্কোয়াডের প্রত্যেক সদস্যের চোখেমুখে। বাতাসে ধোঁয়ার কু লী যতই অন্ধকারাচ্ছন্ন করে রাখুক রাজধানী দিল্লিকে, বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুম থেকে কিন্তু ধোঁয়াশা কেটে গেছে। খেলোয়াড়দের প্রত্যাশার বার্তায় তা গোপন কালিতে লেখা আছে। তাদের অভীষ্ট লক্ষ্য এখন ম্যাচ জিতে পেছনের বিতর্ক চাপা দেওয়া। দেশের মানুষকে ক্রিকেটের মাঠে টেনে আনা। বিসিবি কর্মকর্তারাও তা-ই চান। টিম বাংলাদেশকে উজ্জীবিত করতে গতকাল দিল্লি চলে এসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও এখন ভারতের রাজধানীতে। তারা এসেছেন ক্রিকেটারদের মনোবল চাঙ্গা করতে। সব ভুলে মাহমুদুল্লাহরাও মুখিয়ে আছেন, নিখাদ ক্রিকেট খেলে রোহিত শর্মাদের দিল্লি জয় করতে।
খেলার মাঠে সবচেয়ে দুর্বল দলও জিততে চায়। দেশের মাটিতে ফেভারিটের তকমা ভারতের, এতে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশকে দুর্বল ভাবারও কারণ নেই। সংস্করণ ও প্রতিপক্ষ বিচারে বাংলাদেশকে তেমন একটা পিছিয়ে রাখতে পারবে না স্বাগতিক শিবির। ২০১৬ সালের এশিয়া কাপ আর ২০১৮ সালের নিদাহাস ট্রফির ফাইনালে খেলা তা মনে করিয়ে দেয়। স্মৃতির অ্যালবামের ধুলো-ময়লা ঝেড়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাও দেখতে পেলেন তাদের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে বাংলাদেশ। ফিরোজশাহ কোটলার অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে টাইগারের সম্মানই তো দিলেন তিনি, 'বাংলাদেশ খুবই ভালো একটি দল। গত কয়েক বছর দেশে ও বিদেশে দুর্দান্ত ক্রিকেট খেলেছে তারা। বিশেষ করে আমাদের খুব চাপে রাখে তারা। এই দলকে তাই আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।'
পরিসংখ্যান দেখলে এই সিরিজে নিরঙ্কুশ ফেভারিট ভারত। এখন পর্যন্ত এ দুই দলের আটটি টি২০ ম্যাচে শতভাগ সাফল্য তাদের। জিততে জিততে হেরে গিয়ে কত ম্যাচেই আক্ষেপ করতে হয়েছে মাহমুদুল্লাহদের। শ্রীলংকার নিদাহাস ট্রফিই এখন তার সাক্ষ্য বহন করে। শেষ ওভারের নাটুকে পরাজয় আজও হৃদয়ে মোচড় দেয়। ওটাই ছিল দু'দলের শেষ মুখোমুখি হওয়া। অরুণ জেটলির ব্যাটিং স্বর্গে ভালো ক্রিকেট খেলতে পারলে ভারতের বিপক্ষে টি২০ ক্রিকেটে জয়ের বন্ধ্যত্ব ঘুচতেও পারে।
এই সিরিজের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। আইসিসির দুর্নীতি দমন বিভাগকে জুয়াড়ির তথ্য না দেওয়ায় এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। তাই টি২০ দলের নেতৃত্বের মুকুট তুলে দেওয়া হয়েছে মাহমুদুল্লাহর মাথায়। অপেক্ষাকৃত একটা তরুণ দল দেওয়া হয়েছে তাকে। তামিম ইকবালও যদি থাকতেন, একটু হলেও মনে জোর পেতেন তিনি। পঞ্চপা বের সেরা তিনজনই নেই। তার ও মুশফিকুর রহিমের কাঁধেই এখন গুরুদায়িত্ব। সেদিক থেকে তারুণ্যনির্ভর একটা দল নিয়ে দিল্লিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচে না থেকেও থাকবেন সাকিব আল হাসান। টাইগারদের ভালো খেলার প্রেরণা হয়ে আছেন তিনি। মাহমুদুল্লাহ যেমন বললেন, 'প্রথম প্রশ্নে আমি শুধু এটুকু বলতে পারি, আমরা এটাকে কোনো চাপ হিসেবে নিচ্ছি না। আমরা বরং অনুপ্রাণিত, যেন ভালো পারফরম্যান্স করতে পারি। কারণ, সাকিবের অনুপস্থিতি আমিসহ প্রত্যেক খেলোয়াড়ের জন্যই দারুণ একটা সুযোগ। আমি জানি, সাকিবের জায়গা পূরণ করা এত সহজ নয়। কারণ একজন সাকিব একদিনে তৈরি হয়নি।'
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর বিশ্বাস, তরুণরা ভালো ক্রিকেট খেলবে। মাঠে সাহসী পারফরম্যান্স দেখতে চান তিনি, 'যে চার-পাঁচজন তরুণ ক্রিকেটার আছে, তারা খুবই ভালো।' কোচের সুর পাওয়া গেল মাহমুদুল্লাহর কণ্ঠেও। আফিফ হোসেন, নাঈম হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম শেখদের সম্ভাবনাময় হিসেবে দেখছেন তিনি। সুযোগ পেলে তারা যেন ভালো পারফরম্যান্স করে- অধিনায়ক হিসেবে সেটাই চাওয়া তরুণদের কাছে।
অরুণ জেটলির পিচে হালকা ঘাস আছে। সংবাদ সম্মেলনে দুই অধিনায়কই জানালেন, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। দেখেশুনে খেলতে পারলে রান উঠবে। ব্যাটসম্যানদের কাছ থেকে বড় স্কোর চান টাইগার অধিনায়ক। একে তো রাতের খেলা, তার ওপর উইকেট স্পোর্টিং। কন্ডিশন মাথায় রেখে তিন সিমার খেলাতে পারে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলামের খেলার সম্ভাবনা বেশি। লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে আরাফাত সানি খেলতে পারেন। একাদশ সাজাতে ওপেনিং জুটি নিয়েই যা একটু চিন্তা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com