বালিয়াডাঙ্গীতে তুচ্ছ ঘটনাকে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
প্রকাশ : ০৫-০৯-২০২২ ১৯:০৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তুচ্ছ ঘটনায় সাকিল আহম্মেদ (২৫) নামের ভানোর ইউনিয়ান মৎস্যজীবিলীগের সভাপতিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগে ভানোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (৪০) সহ ২০ জনকে আসামী করে নিহতের ভাই ও ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাহিদ আলম বাদী হয়ে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ি জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন গত ১৯ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের আগে খুতবায় একটি বাক্যের উচ্চারণ করাকে কেন্দ্র করে মসজিদের মুসল্লিদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজ শেষে শাহিদ আলম ও স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুর রহমানসহ কয়েকজনের মাঝে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। এঘটনায় সাহেদ আলম বাদী হয়ে স্থানীয় থানায় ২ সেপ্টেম্বর রাতে ১৩ জনকে অভিযুক্ত করে মারপিটের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করে।
সেই অভিযোগের প্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর শনিবার সকালে দু'পক্ষের মধ্য সংঘর্ষের সৃষ্টি হলে এতে ইউনিয়ন যুবলীগগের সাধারণ সম্পাদক সাহিদ আলম (৩০) ও তার ছোট ভাই ভানোর ইউনিয়ন মৎস্যজীবীলীগের নেতা সাকিল আহম্মেদ (২৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। গতকাল রোববার সকাল সাড়ে ৭ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিল আহম্মেদের মৃত্যু হয়। সেখানে লাশের ময়না তদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়।
নিহত সাকিল আহম্মেদ হলেন উপজেলার বিশ^ামপুর হলদিবাড়ী গ্রামের মরহুম সামশুল হক অরফে কুসমতদ্দীনের ছেলে ও ভানোর ইউনিয়নের মৎস্যজিবীলীগের নেতা।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামি করে নিহতের ভাই ও ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাহিদ আলম বাদী হয়ে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খায়রুল আনাম হত্যা মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com