পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
প্রকাশ : ০২-১১-২০২৩ ১২:৩২
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আইনুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের অধীন দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের মো: আকবর আলীর ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের মেইন পিলার ৪৪৮-সংলগ্ন মহানন্দা নদীর সীমান্ত এলাকায় দিয়ে গভীর রাতে যাওয়ার সময় ভারতের ১৭৬ ব্যাটালিন ফাসিদাওয়া ক্যাম্পের বিএসএফ জোয়ানের ছোঁড়া গুলিতে আইনুল হজ নিহত হন। ঘটনাস্থল থেকে বিএসএফ তার লাশ টেঁনে হিচঁড়ে নিয়ে যায় তাদের ক্যাম্পে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার মহানন্দা নদীর সীমান্তের চরে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে এবং বিএসএফ লাশ নিয়ে গেছে বলে শুনেছি।’
পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জুবায়ের রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com