ঠাকুরগাঁওয়ে শিশুর মাটির ব্যাংকে জমানো টাকা ত্রাণ তহবিলে
প্রকাশ : ২৫-০৪-২০২০ ১৮:১০
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে পুরো বাংলাদেশ এখন লকডাউন। এর প্রভাবে থমকে গেছে অর্থনীতির চাকা, কর্মহীন হয়ে পড়েছে সারাদেশের মানুষ। দূর্দশা আর দৈন্যতায় দিন কাটছে নিম্ন আয়ের মানুষদের।
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" ভূপেন হাজারিকার এই কালজয়ী গানটি এবার যথার্থ ব্যবহৃত হলো। প্রিয়জনদের থেকে পাওয়া উপহার ও স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকা কর্মহীন, অসহায়, অসচ্ছল ও অভুক্ত মানুষদের মাঝে উপহার দিয়েছে ঠাকুরগাঁও সেন্ট মাদার তেরেসা স্কুলের ৩য় শ্রেনীর ছাত্রী মোছা: মুক্তা আক্তার।
(২৫ এপ্রিল) শনিবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের হাতে তার সঞ্চয়কৃত মাটির ব্যাংকের ২ বছরের জমানো টাকা অসহায় দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমার জন্য তুলে দেয়।
এসময় জেলা প্রশাসক আবেগিত হয়ে বলেন, ছোট্ট শিশুর মাটির ব্যাংকে জমানো টাকা এভাবে অসহায় দরিদ্য মানুষের জন্য দেওয়াটা আমি অনুকরনীয় বলে মনে করছি। তার কোমল হৃদয়ে যে করোনার বিষয়টি আঘাত করেছে এবং সে এ ক্রান্তিকালে গরীব অসহায়দের জন্য ভেবেছে এটাই বিশাল বড় পাওয়া। দেশের এই সংকটের মুহূর্ত স্কুল ছাত্রী মুক্তার এই অবদান আমরা সবসময় মনে রাখবো।
প্রাণঘাতী করোনা ভাইরাসের তান্ডবে সন্তানরা যখন তাদের পিতা-মাতাদের জঙ্গলে ফেলে যাচ্ছে, শেষবারের মতন প্রিয়জনদের লাশ দেখতে আসছে না কেউই, দাফনেও পাওয়া যাচ্ছে না স্বজনকে এমন সময় আর্তমানবতার সেবায় এগিয়ে এসে এক অনন্য নজির সৃষ্টি করেছে শিশু মুক্তা।
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আব্দুল লতিফ ও গৃহিণী নাসিমা বেগমের একমাত্র কন্যা মুক্তা। এই সংকটে মেয়ের এমন দানে গর্বিত পিতা মাতা। বড় হয়ে দেশ সেবায় মানুষের পাশে দাড়ানোর স্বপ্ন দেখছেন তারা। স্কুল ছাত্রী মুক্তা জানান, আমি টিভিতে দেখেছি গরীব মানুষরা অসহায়ভাবে দিন যাপন করছেন। তারা অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাই আমি আমার ২ বছরের টিফিনের জমানো টাকা ও বিভিন্ন সময় উপহারের জমানো টাকা গরীব মানুষদের জন্য দিয়ে দিলাম।
ছোট্ট শিশুর এমন অবদানে অভিভুত ঠাকুরগাঁওয়ের মানুষ। তারা বলছেন, এটি যেমন গর্বের তেমনি সমাজের বিত্তবানদের জন্যে ভীষন লজ্জারও বটে। কোমলমতি এই শিশুর দেখানো পথে সমাজের নিম্ন আয়ের মানুষদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com