কাবা শরিফ অবমাননা করে পোস্ট দেয়া সেই পরিতোষের ১১ বছরের জেল
প্রকাশ : ১০-০২-২০২৩ ১৭:৩৭
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: রংপুর পীরগঞ্জে কাবা শরিফ অবমাননা করে পোস্ট দেয়ায় করা মামলায় পরিতোষ সরকার নামের এক যুবকের ১১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক আব্দুল মজিদ এই আদেশ দেন।
দণ্ডিত পরিতোষ পীরগঞ্জের মাঝিপাড়া বড় করিমপুর এলাকার প্রসন্ন সরকারের ছেলে।
সাইবার ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর পরিতোষ ফেসবুকে কাবা শরিফ অবমাননার ছবি পোস্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এ ঘটনায় তার বিরুদ্ধে পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো জানান, এ মামলায় ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তখন বিচারক আব্দুল মজিদ আসামি পরিতোষ সরকারের (২০) বিরুদ্ধে ২৫-এর দু'ধারায় দু'বছর, ২৮-এর দু'ধারায় তিন বছর, ২৯-এর এক ধারায় এক বছর এবং ৩১-এর দু'ধারায় পাঁচ বছর কারাদণ্ড একসাথে চলার আদেশ দেন। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
রুহুল আমিন তালুকদার আরো জানান, এই রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধর্ম নিয়ে উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করার সাহস পাবে না।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শাম্মি আখতারসহ অন্যরা।
আসামিপক্ষের আইনজীবী শামিম আল মামুন জানান, রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। এ কারণে আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আমরা আপিল করব।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com